মান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: সাচিংপ্রু জেরী এমপি

সাচিংপ্রু জেরী এমপি বলেছেন,প্রাথমিক লেভেলের শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করলে দেশে শিক্ষার হার বাড়বে। আর উচ্চ শিক্ষিত জাতী গড়তে হলে প্রাথমিক স্তরের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। একটা ছাত্রের ফাউন্ডেশন হচ্ছে প্রাথমিক শিক্ষা। সুতরাং শিক্ষিত জাতী ছাড়া সভ্য,আর্দশ ও অর্থনৈতিক ভাবে দেশ স্বনির্ভর হবেনা। তাই টেকসই রাষ্ট্র গঠনে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে সরকার।
শুক্রবার বান্দরবানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বান্দরবান ৩০০ নং আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
এসময় প্রধান অতিথি আরো বলেন, নতুন এই ভবন জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকদের কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক সেবা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভবনটি সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন । তিনি বলেন, এই নবনির্মিত ভবনটি শুধু একটি অবকাঠামো নয়, এটি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিক্ষার পরিবেশ উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগীতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক উন্নয়ন কামনা করেন।
উল্লেখ, ২০২৪-২০২৫ অর্থ বছরে ৪ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডির তত্বাবধানে নির্মিত হয়েছে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর ভবন।









