মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, তিনজন আটক

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফজুমিয়াজির চর এলাকার একটি ডোবা-খালে কচুরিপানার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত ওয়াহিদুল ইসলাম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার তৌহিদুল ইসলাম লিটনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে শিশুটির মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বলৎকারের পর শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর সন্দেহভাজন হিসেবে তারেক, মানিক ও আরমান নামে একই এলাকার তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমিয়ে নিহত শিশুর প্রতি শেষ শ্রদ্ধা জানায় এবং দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবি জানায়।







