বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লামায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

'প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি পরিবেশ সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশকর্মীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও প্রকৃতির সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এদিকে 'Save The Environment' স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী এক দিনে ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করেছে মিশন গ্রিন বাংলাদেশ (Mission Green Bangladesh), লামা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (Lama Development Foundation), নব দিগন্ত ফাউন্ডেশন, জাগ্রত যুব সংঘ ও বসুন্ধরা শুভসংঘ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানোই নয়, পরিবেশ রক্ষার দাবিতে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে।
দিবসটি উপলক্ষে পরিবেশবাদী ও উন্নয়ন সংস্থা 'কারিতাস বাংলাদেশ'-এর পক্ষ থেকে স্থানীয়দের মাঝে ফলদ, বনজ ও ওষধি গাছের ৫০টি চারা বিতরণ করা হয়। এ সময় চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা।
অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









