বিশ্ব তামাকমুক্ত দিবসে লামায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

"আকর্ষণের মুখোশ উন্মোচন: নিকোটিন ও তামাকের আসক্তি মোকাবিলা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ রবিবার (৩১ মে) লামা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ক্ষতিকর দিক এবং তরুণ প্রজন্মের ওপর এর ভয়াবহ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো বিভিন্ন আকর্ষণীয় মোড়ক ও কৌশলে তরুণদের নিকোটিনে আসক্ত করছে। এই 'আকর্ষণের মুখোশ' উন্মোচন করা এখন সময়ের দাবি। পাহাড়ি অঞ্চলে তামাক চাষের প্রবণতা রোধ এবং ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, তামাক ও নিকোটিন শুধু স্বাস্থ্যেরই ক্ষতি করে না, বরং একটি পরিবার ও সমাজকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে এই বিষাক্ত আসক্তি থেকে রক্ষা করতে প্রশাসন, সুশীল সমাজ ও পরিবারকে একযোগে কাজ করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিই পারে আমাদের একটি তামাকমুক্ত আগামী উপহার দিতে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।









