বান্দরবানের অপহরণ ও মুক্তিপণ মামলার প্রধান আসামি র্যাবের হাতে আটক

বান্দরবানের চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার অন্যতম প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি রাশেদুল ইসলাম অনিককে (২১) চট্টগ্রামের সাতকানিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
শুক্রবার (১৬ মে) র্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টা ৪৫ মিনিটে র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কেরানিহাট-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা রাশেদুল ইসলাম অনিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অনিক বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইছতলী পাড়া (তুলাতলী বাজার) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হামিদুল হক।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, মারধর, চাঁদাবাজি এবং অপহরণের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ও তাঁর সহযোগীরা ভুক্তভোগীদের অপহরণ করে আটকে রেখে পরিবারের সদস্যদের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করতেন।
এ ঘটনায় বান্দরবান সদর থানায় মামলা দায়েরের পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানায় র্যাব।
র্যাব-১৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।









