বান্দরবানে শুরু হলো মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে বান্দরবান জেলার কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী “মাল্টিমিডিয়া জার্নালিজম” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে বান্দরবান প্রেসক্লাব হলরুমে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের মাল্টিমিডিয়া দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তথ্য যাচাই, মোবাইল জার্নালিজম, ভিডিও স্টোরি নির্মাণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দক্ষ হয়ে উঠতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাফাত রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ কর্মশালায় মাল্টিমিডিয়া রিপোর্টিং, মোজো (মোবাইল জার্নালিজম) কৌশল, ইন্টারভিউ ফ্রেমিং, সোশ্যাল মিডিয়া রিপোর্টিং ও লাইভ স্ট্রিমিং, ছবি ও ভিডিও যাচাইসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।









