বান্দরবানে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থী

৩০০ নম্বর সংসদীয় আসন পার্বত্য বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী এবং এনসিপিসহ মোট পাঁচটি দলের প্রার্থীরা তাদের স্ব-স্ব মনোনয়নপত্র জমা দেন।
সকাল ১১টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির হাতে মনোনয়নপত্র তুলে দেন বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী গণমাধ্যমকে বলেন, “বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবে।”
বিকেল ৩টায় জাতীয় পার্টি (কাদের) মনোনীত প্রার্থী আবু জাফর মো. ওয়ালীউল্যাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এরপর বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. আবুল কালাম এবং সবশেষে বিকেল ৫টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন তাদের মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে মোট পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সবাই তা জমা দিয়েছেন। আগামী দিনগুলোতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।







