বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন

শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন করেন। এর পরপরই সারাদেশের ন্যায় বান্দরবানেও একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস. এম. মন্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, পুলিশ সুপার আবদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং তাদের রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি দলগত চেতনা, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর আওতায় ফুটবল, টি-১০ ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, উশু, তায়কোয়ানডো ও জুডো)সহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি উপজেলা থেকে ১৪৪ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করছে।
বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলা ও পৌরসভাসহ মোট ৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এসব দল থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে গঠন করা হবে বান্দরবান জেলা দল, যা পরবর্তীতে চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে উত্তীর্ণ খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।
জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি আবাসিক প্রশিক্ষণ, ক্রীড়াবৃত্তি, ভাতা এবং বিকেএসপিতে ভর্তির সুযোগ রাখা হয়েছে।









