বান্দরবানে বন্যার্ত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) বিজিবি সেক্টর সদর দপ্তর বান্দরবানের উদ্যোগে খামারপাড়া ও ক্রাক্ষ্যং পাড়া এলাকার বন্যাদুর্গত ৭২টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।
বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে তিনি জানান।









