বান্দরবানে ফ্রি চক্ষু ক্যাম্প: অপারেশনের জন্য ৫০ রোগীকে চট্টগ্রামে প্রেরণ

বান্দরবানের দুর্গম রুমা ও রোয়াংছড়ি উপজেলার ৫০ জন চক্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর ব্যক্তিগত উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় আজ সোমবার (৫ জানুয়ারি) এই রোগীদের বিশেষ ব্যবস্থায় চট্টগ্রামে নেওয়া হয়।
এর আগে ওই দুই উপজেলার প্রান্তিক ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ছানি অপারেশনযোগ্য রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এটি ছিল এই মানবিক উদ্যোগের সপ্তম দফা। বাছাইকৃত রোগীদের চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও শেভরন হাসপাতালে অস্ত্রোপচার করা হবে। রোগীদের যাতায়াত ও সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করছেন রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসিংনু মারমা এবং ১ নম্বর পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা।
আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং সংবাদ মাধ্যমকে বলেন, "দুর্গম অঞ্চলের মানুষ অর্থনৈতিক সংকটে উন্নত চিকিৎসা সেবা পায় না। একজন মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেললে তার জীবন অর্থহীন হয়ে পড়ে। সেই ভাবনা থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে রুমা ও রোয়াংছড়িতে প্রায় ২ হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে।"
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রাথমিক পরিকল্পনা থাকলেও দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন। তবে সংসদ সদস্য না হলেও পার্বত্য জনপদের মানুষের জন্য মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে থানচি, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলাতেও এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হবে।







