বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১২ মে শুরু হওয়া এ প্রশিক্ষণে বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতার আধুনিক কৌশল, তথ্য যাচাই, ডিজিটাল কনটেন্ট তৈরি ও অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাফাত রহমান এবং সিনিয়র ফ্যাক্টচেকার তাওসিফ আকবর।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক এন এ জাকির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বান্দরবানের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন পাশে থাকবে।”
শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করেছেন। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।









