বান্দরবানে পাহাড় ধসে তিনটি ঘরবাড়ি ভাঙ্গন, ৭ পরিবারকে সরিয়ে নিলো প্রশাসন

অতিবৃষ্টির কারণে বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় পাহাড়ধসে তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটে। তবে ধসে পড়া বাড়িগুলোতে কোনো লোকজন অবস্থান না করায় হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, পাহাড়ধসে বাড়িগুলোর ওপর বিপুল পরিমাণ মাটি পড়ে এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। টানা বৃষ্টি অব্যাহত থাকলে এবং আরও ভারী বর্ষণ হলে আশপাশের আরও কয়েকটি বাড়ি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে পাহাড়ধসের খবর পাওয়ার পর বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কালাঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সাতটি পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান শাহরিয়ার। তিনি জানান, বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা মাইকিং করে মানুষকে সচেতন করছি এবং ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে অনুরোধ করছি।”
অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, তথ্য অফিস, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।









