বান্দরবানে পাহাড় কাটায় বন বিভাগের হানা, স্কাভেটর জব্দ

বান্দরবানের টংকাবতী রেঞ্জে পাহাড় কেটে অবৈধভাবে ভূমি দখলের চেষ্টাকালে বিশেষ অভিযান চালিয়েছে বন বিভাগ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কাভেটর জব্দ করে বনের জায়গা উদ্ধার করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদারের নেতৃত্বে বন বিভাগের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় কাটার প্রমাণ পায়। এ সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি স্কাভেটর আটক করা হয়। জব্দকৃত যানটি বর্তমানে বান্দরবান সদর রেঞ্জের হেফাজতে রাখা হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম এই অভিযানের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, “পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এবং টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়ং ম্রো প্রদীপ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পার্বত্য অঞ্চলে পাহাড় কাটা ও অবৈধ দখলচেষ্টা রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।









