বান্দরবানে ছয় রাবার শ্রমিক অপহরণ: ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী

বান্দরবানে ছয় রাবার শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের হাতিরডেরা এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত শ্রমিকরা হলেন—নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা ইসমাইলের রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। ঘটনার রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাগান ঘরে অবস্থান করছিলেন তারা। এ সময় রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রধারী ও মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত সেখানে হানা দেয়। দুর্বৃত্তরা শ্রমিকদের মারধর করে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়।
রাবার বাগানের মালিক ইসমাইল জানান, অপহরণের পর দুর্বৃত্তরা তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। টাকা না দিলে অপহৃত শ্রমিকদের পাশাপাশি তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, অপহরণের ঘটনাটি জানার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।
টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছেছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।









