বান্দরবান সেনা জোনের উদ্যোগে সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বান্দরবান সেনা জোনের উদ্যোগে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে “সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট-২০২৬” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান সেনা জোন মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় বান্দরবান সেনা জোন দল এবং বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি এবং জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম। এছাড়াও সেনা জোনের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য, দলগত সমন্বয় ও খেলোয়াড়সুলভ মনোভাব উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাসের আবহ, যা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়, এটি পারস্পরিক শ্রদ্ধাবোধ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি প্রতিযোগিতার সফল আয়োজন এবং খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।
খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত অতিথি ও দর্শকরা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।









