বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে কাজী মজিবুর রহমান

বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানি পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ লাগা এই আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ-এর চেয়ারম্যান জননেতা কাজী মজিবুর রহমান। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-কষ্টের খোঁজখবর নেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ, চাল, কম্বলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। তাৎক্ষণিক এই সহায়তায় কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে ক্ষতিগ্রস্তদের মাঝে।
চেয়ারম্যান কাজী মজিবুর রহমান বলেন, “দুর্যোগের সময় সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবো।” তিনি স্থানীয় প্রশাসন ও বিত্তবানদেরও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তারা দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তা কামনা করেন।









