বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ছবি সংগৃহীত।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার শিক্ষার্থীদের মাঝে প্রথম ধাপে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, বান্দরবানসহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোট ১,৪৫৬ জন শিক্ষার্থীকে এ ধাপে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এমবিবিএস ও প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত ১০৪ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১১ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১,০১৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৪ হাজার টাকা এবং ডিগ্রি ও বিএ (পাস) পর্যায়ের ৩৩৪ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

প্রধান অথিতি বক্তব্যে থানজানা লুসাই বলেন, দরিদ্র বিমোচনের জন্যে জেলা পরিষদ প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং শিক্ষার গুণগত মান উন্নত করতে আমরা কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা এই শিক্ষা–বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছি। আজ মোট ১৪৫৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে দ্বিতীয় ধাপে বাকি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল হক এবং জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন এ্যাডভোকেট ভোকেট উবাথোয়াই মারমা, রাজু ময় তঞ্চঙ্গ্যা, সাইফুল ইসলাম রিমন, খুরশিদা ইসহাক, ডাক্তার সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাংফ্রা খুমী, মং এ চিং চাক বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সহায়তা তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী মো. তামিম জানান, বৃত্তির অর্থ দিয়ে তিনি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

একইভাবে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফ্রান্সিস বম বলেন, এই অর্থ তিনি শিক্ষা সামগ্রী ক্রয়ে ব্যয় করবেন।  অপর এক শিক্ষার্থী লাবনী আক্তার জেলা পরিষদের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পরিষদ সূত্রে আরও জানা যায়, দুই ধাপে মোট ২,৭৭৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। প্রথম ধাপে ১,৪৫৬ জনকে বৃত্তি দেওয়া হয়েছে এবং বাকি শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে বৃত্তি প্রদান করা হবে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”