বানভাসি মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন শাজাহান চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।
ত্রাণ বিতরণকালে অর্থমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সাম্প্রতিক বন্যায় সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েন। পাশাপাশি ঘরবাড়ি, কৃষি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন বানভাসি মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা আবুল হাসান বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এম ইদ্রিস মিয়া, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সিনিয়র সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, নাজমুল মুস্তাফা আমীন এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।
এ ছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণকে ঘিরে নলুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাকবলিত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ সময় আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, সাতকানিয়াসহ পুরো চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে তিনি জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির বিষয়টি সংসদে তুলে ধরেছেন। তিনি বলেন, বন্যার সময় বানভাসি মানুষের পাশে দাঁড়ানো যেমন জরুরি, তেমনি বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন করাও এখন বড় দায়িত্ব।
শাহজাহান চৌধুরী বলেন, বন্যায় অনেক মানুষের ঘরবাড়ি, কৃষি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ত্রাণ দিয়ে এই সংকটের সমাধান হবে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে পর্যায়ক্রমে পুনর্বাসন কার্যক্রম গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। বানভাসি মানুষের দুর্ভোগ লাঘবে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাতকানিয়ার বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের বিষয়টি তিনি অব্যাহতভাবে তুলে ধরবেন বলেও জানান।






