বাঁশখালীর মনকিচরে গান-বাজনা বন্ধ করতে বলায় হামলা, আহত ৩

বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব মনকিচর দিঘীরপাড় এলাকায় সন্ধ্যায় গান-বাজনা বন্ধ করতে বলায় হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘটিত এই হামলার ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ হোসন আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ (৫৫) ও তাঁর ছেলে মোহাম্মদ সিরাজ (২৮)-কে প্রথমে বাঁশখালী হাসপাতাল এবং পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় শীলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর দিঘীরপাড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক বেঁধে উচ্চস্বরে গান-বাজনা করছিল বদি আলম নামের এক চালক। এ সময় ওই এলাকার আসহাব মিয়া তালুকদারের ছেলে যুবক মোহাম্মদ ফারুক আজানের সময় তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে মাইকে গান-বাজনা বন্ধ করতে বলেন। ফারুক বলেন, “এখন আজানের সময়, তাছাড়া আমার বাড়িতে রোগী আছে। তোমরা সিএনজি গাড়িটি সামনের দিকে নিয়ে যাও অথবা গান-বাজনা বন্ধ করো।” এতটুকু বলে ফারুক পার্শ্ববর্তী দোকানের দিকে চলে যান।
গান-বাজনা বন্ধ করতে বলার এই অপরাধে ক্ষিপ্ত হয়ে সিএনজিচালক বদি আলম, ৫ নম্বর ওয়ার্ডের জাফর ড্রাইভারের ছেলে শফি আলম ও বদি আলম এবং ২ নম্বর ওয়ার্ডের আলী হোসনের ছেলে আলী আকবরের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে ফারুকের বাড়িতে হামলা চালায়। তারা ফারুককে না পেয়ে তাঁর বসতবাড়িতে মা-বোনদের লাঞ্ছিত করে। খবর পেয়ে ফারুকের মামা ইউসুফ ভাগনে ফারুককে রক্ষায় এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে ইউসুফ ও সিরাজের মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বর্তমানে গুরুতর আহত ইউসুফ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোহাম্মদ সিরাজ বাঁশখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোহাম্মদ ফারুক জানান, “আমি শুধু আজানের সময় হওয়ায় গান-বাজনা বন্ধ করতে বলেছি। তাদের আমার বাড়ির সামনে থেকে সরে গিয়ে অন্যদিকে বাজাতে বলেছি। এতে তারা বলে—এটি সরকারি রাস্তা, আমরা ইচ্ছেমতো গান বাজাব, তুই বলার কে? এরকম বলে আমাকে গালাগালি করে চলে যায়। পরে বিভিন্ন সন্ত্রাসী, মাদকসেবী ও খারাপ লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। আমাকে রক্ষায় এগিয়ে এলে সন্ত্রাসীরা আমার মামা ইউসুফ ও মামাতো ভাই সিরাজের ওপরও হামলা চালায়। বর্তমানে তারা চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।”






