বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরতিয়াপাড়া এলাকার সামশুল আলমের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল রানা বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে উপজেলা সদরে নিজের কাপড়ের দোকানে যাচ্ছিলেন। পথে দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে জুয়েল রানা লিখেছিলেন, “দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






