বাঁশখালীতে রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বাঁশখালীতে রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ

বাঁশখালীতে রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ
রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া সভাপতি রিদোয়ানুল হক।

বাঁশখালীতে রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি বিধিমালা লঙ্ঘন করে নৌবাহিনীর একজন সাবেক সৈনিককে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার ঘটনায় তোলপাড় ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি লঙ্ঘন করে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে রিদোয়ানুল হক সুমনের নাম প্রেরণ করেন। যেখানে উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে স্নাতক ডিগ্রিধারী অথবা প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়া বাধ্যতামূলক, সেখানে স্নাতক ডিগ্রি ছাড়া এবং সরকারের ৩য় শ্রেণির একজন সাবেক সৈনিককে এই পদে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বিষয়টি জানাজানি হলে বাঁশখালীতে তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয় নৌবাহিনীর সাবেক সৈনিক রিদোয়ানুল হক সুমনকে মনোনীত করে, যা সম্পূর্ণ বিধিমালাবহির্ভূত।

সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের বিগত ১৬/০৩/২০২৬ খ্রি. তারিখের ০০৩.২৪.৪১ স্মারকে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত পরিপত্রের "ক" শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং 'খ' সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীর ক্ষেত্রে প্রথম শ্রেণির হওয়া বাধ্যতামূলক করা হয়। উক্ত বিধিমালা লঙ্ঘন করে বাঁশখালীতে এই নিয়োগ দেওয়া হয়। এজন্য স্থানীয় সচেতন মহল বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের কারসাজিকে দায়ী করেছে। তারা বলেন, অবৈধ সুবিধা নিয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যালয়ের সভাপতি মনোনীত করার ক্ষেত্রে অনৈতিক পন্থা গ্রহণ করেছেন।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মনোনীত সভাপতি রিদোয়ানুল হক নৌবাহিনীর সাধারণ সৈনিক এবং ৩য় শ্রেণির কর্মচারী ছিলেন।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে আমার কোনো হাত নেই। তাছাড়া রিদোয়ানুল হকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলেও তিনি অনার্স-মাস্টার্স পাস।”

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, “আমি বাঁশখালীতে কিছুদিন আগে যোগদান করেছি। রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনয়নের প্রসেসিং আরও আগেই শুরু হয়। তবুও এতে কোনো অনিয়ম হয়েছে কিনা আমি তদন্ত করে দেখব।”




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।