বাঁশখালীতে মাকে হত্যা: স্ত্রীসহ ঘাতক ছেলে গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালীতে জন্মদাত্রী মা রেহেনা বেগমকে হত্যার ঘটনায় ঘাতক ছেলে মোহাম্মদ কাসেম (২৮) ও তার স্ত্রী নারগিস আক্তার (২৬)-কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোহাম্মদ কাসেম উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব বৈলছড়ি এলাকার অভ্যারখীল গ্রামের মোজাফফর আহমদের ছেলে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই বিভাস কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকা থেকে র্যাব-১৫ এর সহায়তায় তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, নিহত রেহেনা বেগমের প্রবাসী বড় ছেলের পাঠানো টাকার লেনদেন নিয়ে পারিবারিক বিরোধের জেরে গত বছরের ৫ জুন রাতে এ হত্যাকাণ্ড ঘটে। একপর্যায়ে ছেলে মোহাম্মদ কাসেম নিজ মাকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী নারগিস আক্তারেরও সহযোগিতা ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, হত্যাকাণ্ডের পর কাসেম তার স্ত্রীকে নিয়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ ১০ মাস ধরে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে অবশেষে র্যাবের সহযোগিতায় চকরিয়া থেকে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিভাস কুমার সাহা জানান, নিজ গর্ভধারিণী মাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কাসেমকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী নারগিস আক্তারকেও আটক করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।






