বাঁশখালীতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে দুই ভাই-বোনের মৃত্যু

বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় লটমনি পাহাড়ে মর্মান্তিক অগ্নিকাণ্ডে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লটমনি এলাকায় জেএমবি ব্রিকসের নামক ইটভাটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই ইটভাটার অস্থায়ী বসতঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
এসময় একটি ঘরের ভেতরে থাকা জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩) আগুনে পুড়ে মারা যায়। নিহত দুই সহোদর লক্ষ্মীপুর জেলার মোঃ হাসান ও হালিমা আক্তারের সন্তান। তাদের বাবা-মা উভয়েই উক্ত ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছি। এসময় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, বিকালে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড লটমনি এলাকায় আগুনে দুই ভাই-বোনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






