বাঁশখালীতে বিধবা পরিবারের ওপর আবারও হামলা, দুই সন্তানকে হত্যার চেষ্টা!
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

বাঁশখালীতে বিধবা পরিবারের ওপর আবারও হামলা, দুই সন্তানকে হত্যার চেষ্টা!

বাঁশখালীতে বিধবা পরিবারের ওপর আবারও হামলা, দুই সন্তানকে হত্যার চেষ্টা!
ভাঙচুর করা ঘেরাবেড়া ।

বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ডেপুটিঘোনা এলাকায় আয়েশা খাতুন নামে এক বিধবা ও তাঁর পরিবারের ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টার দিকে সংঘটিত এই হামলায় তাঁদের ঘেরাবেড়া ভাঙচুর এবং আসবাবপত্র লুটের পাশাপাশি ওই বিধবার দুই আলেম সন্তান মাওলানা হাফেজ ইসহাক ও মাওলানা মোহাম্মদ সেলিমকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। এ সময় তাঁরা পার্শ্ববর্তী জাকের হোসেনের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় জাকের হোসেনের দুই শিশু সন্তান মোহাম্মদ সোহেল (১১) ও মোহাম্মদ জুনাইদ (৯) আহত হয়েছে।

পশ্চিম চাম্বল ডেপুটিঘোনা এলাকার কবির আহমদের ছেলে হারুনুর রশিদের নেতৃত্বে শনিবার রাত ২টার দিকে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। হামলা চলাকালে ভুক্তভোগী পরিবারগুলো ৯৯৯-এ ফোন দিলে গভীর রাতে বাঁশখালী থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে।

গত বছরের এপ্রিল মাসেও এই বিধবার ওপর হামলা চালিয়ে তাঁকে মারাত্মকভাবে আহত করেছিল প্রতিপক্ষরা। মূলত জায়গাজমি আত্মসাৎ ও বসতভিটা থেকে উচ্ছেদ করতেই বারবার এই হামলা ও নির্যাতন চালানো হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডেপুটিঘোনা এলাকার শফিকুর রহমান ২২-২৩ বছর আগে মারা যান। সেই থেকে প্রতিবেশী কবির আহমদের ছেলে হারুনুর রশিদ তাঁদের সম্পত্তি গ্রাস করতে এবং বিধবা আয়েশা খাতুন ও তাঁর সন্তানদের বসতভিটা থেকে উচ্ছেদ করতে হুমকি-ধমকি ও হামলা-মামলা চালিয়ে আসছিলেন।

শনিবার বিরোধপূর্ণ জায়গায় সালিসকারীদের উপস্থিতিতে পিলার ও টিনের ঘেরা দেওয়ার পর গভীর রাতে লোকজন নিয়ে হারুনুর রশিদ সেখানে হামলা চালায়। তারা ঘেরাবেড়া ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিধবা আয়েশা খাতুনের বসতবাড়িতেও হামলা চালায়।

স্থানীয় আজিজ আহমদ, কাসেম ফকির ও আহমদ কবির জানান, গভীর রাতে সন্ত্রাসী হামলা থেকে প্রাণ বাঁচাতে বিধবা আয়েশা খাতুনের ছেলে মাওলানা হাফেজ ইসহাক ও মাওলানা সেলিম প্রতিবেশী জাকের হোসেনের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়। তাঁরা বলেন, "আমরা বিধবা পরিবারটিকে উদ্ধার করতে গেলে আমাদেরও হুমকি, গালাগালি এমনকি হামলা করা হয়।"

বিধবা আয়েশা খাতুনের জামাতা আবু বকর জানান, তাঁর শাশুড়ি ও পরিবারকে হয়রানি করে জায়গা আত্মসাৎ করতেই এই হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। বিচারক আবদুল জলিল মানিকের মাধ্যমে খুঁটি ও ঘেরা দেওয়া হলেও রাতে সন্ত্রাসী এনে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বড় ছেলে মোহাম্মদ ইউসুফ জানান, "আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদের ওপর আবারও হামলা হতে পারে। আমার দুই ভাইকে হত্যা করে জায়গা জবরদখল করাই তাদের লক্ষ্য।" তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ৯৯৯-এ ফোন পেয়ে গভীর রাতে পুলিশ আক্রান্তদের উদ্ধার করেছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে পুলিশ উভয় পক্ষকে থানায় হাজির হতে বলেছে।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।