বাঁশখালীতে বিএনপির প্রার্থীকে হেফাজতের সমর্থন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বাঁশখালীতে বিএনপির প্রার্থীকে হেফাজতের সমর্থন

বাঁশখালীতে বিএনপির প্রার্থীকে হেফাজতের সমর্থন
বাঁশখালী জলদী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে পরিচয় করিয়ে দিচ্ছেন হেফাজতে ইসলামের উপজেলা আমির মাওলানা নুরুল হক সুজিশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে প্রকাশ্য সমর্থন দিয়েছে হেফাজতে ইসলাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাঁশখালী জলদী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার আমির মাওলানা নুরুল হক সুজিশ বিএনপির প্রার্থীকে জনসাধারণের সাথে পরিচয় করিয়ে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আলেম-ওলামারা অতীতেও বিএনপির পাশে ছিলেন, এখনো আছেন। আমরা বিশ্বাস করি, ক্ষমতায় এলে বিএনপি ইসলাম ও আলেম সমাজের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না।” তিনি দল-মত নির্বিশেষে ধানের শীষের বিজয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রবীণ বিএনপি নেতা অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ভোটারদের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাখাওয়াত জামাল দুলাল, ইফতেখার হোসেন চৌধুরী মুহসিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী।

সমাবেশে উপস্থিত বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্বাচনী মাঠ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। হেফাজতে ইসলামের উপজেলা যুগ্ম সম্পাদক মাওলানা রেজাউল করিমসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।