বাঁশখালীতে বসতবাড়ি গুঁড়িয়ে পৈত্রিক ভিটা দখলের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে পৈত্রিক ভিটা দখলের উদ্দেশ্যে একটি পাকা বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের সরলিয়াঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। দালানের ছাদের রড কেটে এবং হাতুড়ি দিয়ে দেয়াল ভেঙে বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ শাকের উল্লাহ ও মোহাম্মদ শহীদ উল্লাহ সপরিবারে চট্টগ্রাম শহরে থাকার সুযোগে এই হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, তাদের আপন দুই ভাই আমান উল্লাহ ও ছলিম উল্লাহ এই ধ্বংসলীলার নেতৃত্ব দিয়েছেন। এতে পরিবারের প্রায় ৫ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও সীমানা সংক্রান্ত বিরোধ মেটাতে স্থানীয়ভাবে কয়েক দফা সমঝোতা হলেও তা কাজে আসেনি।
ভুক্তভোগী শাকের উল্লাহ জানান, পৈত্রিক জমিতে নিয়ম মেনেই তারা ঘর তুলেছিলেন। তিনি বলেন, “আমাদের অনুপস্থিতিতে রক্তঘামানো উপার্জনে গড়া বাড়িটি ধ্বংস করা হয়েছে। আমরা নিজেদের ভিটাতেও নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।






