বাঁশখালীতে বন্যার্তদের মাঝে লিও ক্লাব অফ চিটাগাং হিলভিউ এর ত্রাণ বিতরণ

বাঁশখালীতে দুর্যোগ ও বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন লিও জেলা ৩১৫ বি-৪ এর আওতাধীন 'লিও ক্লাব অফ চিটাগং হিলভিউ'।
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে বৃহস্পতিবার এই খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সংগঠনটি।
এসময় লিও ক্লাব অফ চিটাগং হিলভিউর ক্লাব ডিরেক্টর ইমরান হোসেন, আইপিপি শুভ বিশ্বাস, জয়েন্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম, রবিন, আমজাদ হোসেন, জামশেদুল আলম, জয়, উদয়নসহ সংগঠনটির একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক তীব্র পানির তোড়ে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
ক্লাবের সভাপতি লিও রিফাতুল ইসলাম বলেন, বন্যাদুর্গত এলাকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। চারদিকে শুধু পানি আর মানুষের হাহাকার। এমন মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পুনর্বাসনে সহায়তা করার জন্যও তাদের স্বেচ্ছাসেবক দল কাজ করে যাবে। সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এই তড়িৎ উদ্যোগ তাদের বেঁচে থাকার সাহস জোগাচ্ছে। পানি বন্দি অবস্থায় এই শুকনো খাবার ও বিশুদ্ধ পানি তাদের জন্য বড় আশির্বাদ হয়ে দাঁড়িয়েছে।






