বন্যাকবলিত এলাকায় মানবিক সংকটে বন্যার্তদের পাশে ছাত্রশিবির
টানা বর্ষণ ও বন্যার কারণে কক্সবাজারের বিভিন্ন এলাকায় মানবিক সংকট দিন দিন তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ডেইঙ্গাকাটা এলাকায় গিয়ে স্বেচ্ছাসেবীরা ভয়াবহ মানবিক পরিস্থিতির চিত্র প্রত্যক্ষ করেন। চারদিকে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অধিকাংশ ঘরবাড়িতে বসবাস প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক পরিবার খাটের পায়ার নিচে ইট দিয়ে উঁচু করে কোনোভাবে আশ্রয় নিয়েছে। তবে পানির উচ্চতা খাটের কাছাকাছি পৌঁছে যাওয়ায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বরইতলী ইউনিয়নের বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা বলেন, ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও বিস্তৃত পরিসরে দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি সমাজের বিত্তবান, মানবিক ও সামর্থ্যবান ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সংশ্লিষ্টদের মতে, দুর্গত এলাকায় বর্তমানে চিড়া, মুড়ি, চিনি, কলা, বিশুদ্ধ পানি ও অন্যান্য শুকনো খাদ্যসামগ্রীর চাহিদা সবচেয়ে বেশি।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলাম, ছাত্রশিবির কক্সবাজার সিটি কলেজ শাখার সেক্রেটারি রিদুয়ানুল হক, বরইতলী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলরা।







