ফটিকছড়ির পাইন্দং হেদায়েতুল ইসলাম মাদ্রাসা: শিক্ষা অফিসকে না জানিয়েই পরিবর্তিত সময়সূচিতে ক্লাস, তদন্তে অনিয়ম মিললে ব্যবস্থা

চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং হেদায়েতুল ইসলাম আলিম মাদ্রাসায় সরকার-নির্ধারিত সময়সূচি অনুসরণ না করে পাঠদান পরিচালনা এবং নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরুল হুদা নামে এক শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী অভিভাবক নুরুল হুদা জানান, রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী শিক্ষা কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হওয়ার কথা। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে নিজস্ব সিদ্ধান্তে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঠদান পরিচালনা করছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনাবলিও উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী শ্রেণি কার্যক্রমের নির্ধারিত সময়সূচি ও প্রতিটি ক্লাসের সময়সীমা অনুসরণ করা হচ্ছে না। এমনকি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্লাসও নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে পাইন্দং হেদায়েতুল ইসলাম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ এবং পুরো প্রাঙ্গণ প্রায় জনশূন্য। শিক্ষার্থী তো দূরের কথা, কোনো শিক্ষক বা কর্মচারীকেও সেখানে পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, দীর্ঘদিন ধরেই মাদ্রাসাটিতে দুপুর ১টার মধ্যেই পাঠদান শেষ করে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির মুঠোফোনে বলেন, "পরীক্ষা চলাকালে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করেছি। শিগগিরই আগের নিয়মে ফিরে যাব।" এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অনুমোদন নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো অনুমোদন নেওয়া হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, "সব শিক্ষাপ্রতিষ্ঠান রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। এই প্রতিষ্ঠানে সে নিয়ম মানা হচ্ছে না এবং বিষয়টি শিক্ষা অফিসকেও অবহিত করা হয়নি। এটি প্রতিষ্ঠানপ্রধানের স্বেচ্ছাচারিতা।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, "শিক্ষার্থীদের দুপুর ১টায় ছুটি দেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"











