পটিয়া পৌরসভার অন্নদত্ত সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

পটিয়া পৌরসভার অন্নদত্ত সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি

পটিয়া পৌরসভার অন্নদত্ত সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি
ছবি সংগৃহীত।

পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্নদত্ত সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়।  ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের। 

স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় রাস্তার ওপর জমে থাকে। এতে কাদা ও পানির কারণে রাস্তার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থার অবসান না হওয়ায় এবং সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকার বাসিন্দা শওকত আকবর মুন্না বলেন, প্রতিদিন রিকশা, সিএনজি ও মোটরসাইকেল চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। পথচারীদের চলাচলও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। বিষয়টি বারবার কর্তৃপক্ষের নজরে আনা হলেও কাঙ্ক্ষিত উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে পৌরসভার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। 

আরেক বাসিন্দা জামাল উদ্দিন জানান, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন প্রসূতি মা, অসুস্থ রোগী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। জরুরি প্রয়োজনে রোগী বা প্রসূতি নারীকে হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক রিকশাচালক সড়কের বেহাল অবস্থার কারণে এ এলাকায় যেতে চান না। কেউ গেলেও স্বাভাবিক ২০ টাকার পরিবর্তে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করছেন।

স্থানীয়দের মতে, বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত, তা বোঝা যায় না। ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হক বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির উন্নয়ন জরুরি। তিনি পৌর কর্তৃপক্ষের পাশাপাশি পটিয়ার সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামের সদয় দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান।

এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক ফারহানুর রহমান বলেন, অন্নদত্ত সড়কের কিছু অংশে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, চলমান কাজ দ্রুত সম্পন্ন হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

এলাকাবাসীর প্রত্যাশা, চলমান নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এবং অন্নদত্ত সড়কে নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।