প্রধানমন্ত্রীর সম্ভাব্য ফটিকছড়ি সফর: হেলিপ্যাড ও প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফর কেন্দ্র করে ফটিকছড়িতে জোর প্রস্তুতি চলছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সফরের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আয়োজন পরিদর্শনে ফটিকছড়িতে যান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাঘাজী দিঘি মোড়সংলগ্ন সিঅ্যান্ডবি মাঠে নির্মিত হেলিপ্যাড এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন উপলক্ষে নিরাপত্তা, প্রটোকল ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এর আগে তিনি আধ্যাত্মিক নগরী মাইজভাণ্ডার দরবার শরিফ জিয়ারত করেন। পরে বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচিতে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।
এ সময় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর সম্ভাব্য চট্টগ্রাম সফর ঘিরে আমাদের প্রস্তুতি আগেই শুরু হয়েছে। তিনি সফরের আগ্রহ প্রকাশ করার পর থেকেই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তাঁর আগমন নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আমরা আশা করছি।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীকে যথাযথভাবে বরণ এবং সফরের প্রতিটি কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যা যা প্রয়োজন, প্রশাসন সেই প্রস্তুতি গ্রহণ করছে। এ নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। অতীতেও চট্টগ্রামে প্রধানমন্ত্রীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারও চূড়ান্ত কর্মসূচি পাওয়ার পর প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন এবং সমগ্র এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শকালে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরে বন্যাকবলিত ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী উপজেলা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে হেলিপ্যাড নির্মাণ, সড়ক সংস্কার, সম্ভাব্য জনসভাস্থল প্রস্তুতসহ আনুষঙ্গিক কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সফরটি ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।











