প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন পটিয়ার সাবেক মেয়র বাবুল
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন পটিয়ার সাবেক মেয়র বাবুল

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন পটিয়ার সাবেক মেয়র বাবুল
ছবি সংগৃহীত।

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল।
সোমবার (২২ জুন) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কড়া নিরাপত্তার মধ্যে পটিয়ায় আনা হয়। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
পারিবারিক ও প্রশাসনিক সূত্র জানায়, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৭৫) সোমবার দুপুর পৌনে ১২টার দিকে পটিয়া পৌরসদরের ওয়াপদা রোড এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মায়ের মৃত্যুর পর শেষবারের মতো মুখ দেখা এবং জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক পাঁচ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন।
প্রশাসন সূত্র জানায়, রাত ৯টা থেকে পাঁচ ঘণ্টার জন্য তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে পটিয়া পৌরসদরের ওয়াপদা এলাকায় আনা হয়।
রাত সাড়ে ৯টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ চত্বরে আমজুমান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। 
জানাজায় অংশ নেন আইয়ুব বাবুল। 
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা ও দাফন শেষে রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব বাবুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়। জানাজায় অংশ নিয়ে তিনি মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
তিনি বলেন, “মহান রাব্বুল আল-আমিন যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর আইয়ুব বাবুলকে বাড়িতে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, “প্যারোলে সাময়িক মুক্তির আদেশ পাওয়ার পর চট্টগ্রাম পুলিশের সঙ্গে সমন্বয় করে তাকে পটিয়ায় আনা হয়। প্রয়োজনীয় নিরাপত্তার মধ্যেই তিনি জানাজায় অংশ নেন এবং নির্ধারিত সময় শেষে আবার কারাগারে ফিরে যান।”
প্রসঙ্গত, আইয়ুব বাবুল বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। 
তার বিরুদ্ধে থাকা মোট ছয়টি মামলার মধ্যে চারটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন।
পরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।