পটিয়ায় বিসিক শিল্প নগরী এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি

পটিয়া উপজেলার কচুয়াই এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও শিল্প-সংশ্লিষ্টরা।
তাদের অভিযোগ, শিল্প এলাকায় ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা, বখাটেদের উৎপাত, মাদক ও ইয়াবা সেবনসহ বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এসব অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে দাবি করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানাযায় পটিয়ার অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত বিসিক শিল্প নগরীতে বিভিন্ন শিল্প-কারখানা, গার্মেন্টস ও উৎপাদনমুখী প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
পটিয়াকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে এই শিল্প নগরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতিদিন হাজার হাজার শ্রমিক এখানে কর্মরত থাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলাকার বাসিন্দা আতাউর রহমান মাসুদ বলেন, সন্ধ্যার পর বিসিক শিল্প এলাকায় ছিনতাই, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও ইয়াবা সেবনের ঘটনা বেড়ে যায়।
এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী শ্রমিক ও পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
একটি শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা মুমিনুল হক বলেন, বিসিক শিল্প নগরীর নিরাপত্তার জন্য প্রবেশপথে গেট থাকার কথা থাকলেও বর্তমানে কার্যকর ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নেই।
ফলে যে কেউ সহজেই শিল্প এলাকায় প্রবেশ করে অপরাধ সংঘটনের সুযোগ পাচ্ছে। শিল্পাঞ্চলের প্রবেশপথে কার্যকর নিরাপত্তা গেট, নিয়মিত তল্লাশি এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।
স্থানীয়দের দাবি, শিল্পাঞ্চলে নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তা গেট চালু এবং শিল্প এলাকার অভ্যন্তরে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হলে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, “শিল্প এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সবসময় মনিটরিং করছে।
কোনো অপরাধ সংঘটিত হওয়ার খবর বা অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, বিসিক কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্বারকলিপি প্রদান করেন।






