পটিয়ায় ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার আসামিসহ তিনজন গ্রেফতার

পটিয়ায় পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
সোমবার (২৯ জুন) পটিয়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) ক্য লাহ্ চিং মারমা ও এসআই (নিঃ) মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি এবং চলন্ত কাভার্ডভ্যান থেকে চুরির মামলার আসামি মো. আবদুল আজিজ ওরফে রাসেল ওরফে বাচা (৩৫)-কে ভোর সাড়ে ৪টার দিকে গ্রেফতার করা হয়। তিনি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণিগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত আবদুল আজিজের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা রয়েছে।
অন্যদিকে, এএসআই (নিঃ) মো. আতাউর রহমান রাত্রীকালীন বিশেষ ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতগাছিয়া মাজার শরীফ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ধর্তব্য অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগে মো. রাসেল উদ্দিন (৩৩) ও মো. এনামুল হক হৃদয় (২২)-কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিনজনকে সংশ্লিষ্ট মামলা ও ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।






