পটিয়ার মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র্যাবের হাতে গ্রেপ্তার

পটিয়া থানার একটি মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
বুধবার (২৪ জুন) দুপুরে র্যাব-৭ এ তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তার হওয়া জয়নাল আবেদীন রাশেদ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মৃত কামাল সওদাগরের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) রাত প্রায় ১০টার দিকে হাটহাজারী থানার মুন্সির মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীন রাশেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
মামলার তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১৪(ঘ) ধারায় মামলা দায়ের করা হয়েছিল।
বিচার শেষে আদালত দুটি পৃথক ধারায় তাকে যথাক্রমে ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ফলে তিনি মোট ২০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
র্যাব জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।






