পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজায়নের লক্ষ্যে পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদণ্ডী এলাকায় অবস্থিত জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে জান্নাতুল নাঈম কবরস্থান কমিটির উদ্যোগে এবং এলাকার তরুণদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ তৌহিদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন কবরস্থান কমিটির আহ্বায়ক মোহাম্মদ শহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাদাত হোসেন সায়েম, সদস্যসচিব জসিম উদ্দিন, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ জিয়া উদ্দিন বাবলু, সাবের আহম্মদ, জাহাঙ্গীর আলম সওদাগর, আবদুল মান্নান প্রমুখ।
কর্মসূচির আওতায় প্রায় ৫৮ শতক জমিতে বিভিন্ন প্রজাতির ১২০টিরও বেশি গাছের চারা রোপণ করা হয়েছে। রোপণকৃত চারার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গুণসম্পন্ন নানা প্রজাতির গাছ রয়েছে।
উদ্বোধক তৌহিদুল আলম বলেন, “এসব গাছ ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কবরস্থানের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে পুরো এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আরও ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। আমি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।”
এতে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা।






