পটিয়ার গৈরলার টেক বাঁকে বাঁশবোঝাই ট্রাক উল্টে যানজট

পটিয়া উপজেলার গৈরলা এলাকার টেক বাঁকে বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যাংক কর্মকর্তা ইশতিয়াক হায়দার জানান, বাঁশবোঝাই ট্রাকটি টেক বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা বাঁশ ছড়িয়ে পড়ে এবং সড়কের একাংশ বন্ধ হয়ে যাওয়ায় উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেন। পরে ট্রাকটি সরানোর উদ্যোগ নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, গৈরলার টেক বাঁকটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তাই ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে সড়কটিতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।






