পটিয়া ভেল্লাপাড়া ও কৈয়গ্রামে ড্রেনেজ উন্নয়ন কাজ পরিদর্শনে এনামুল হক এনাম এমপি

এলাকাবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে চলমান উন্নয়ন ও নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তিনি পটিয়া ভেল্লাপাড়া ও কৈয়গ্রাম এলাকায় চলমান ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান এবং বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে মাননীয় সংসদ সদস্য সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে উন্নত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের ভোগান্তি দূর করতে প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান নিশ্চিত করে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, ভেল্লাপাড়া ও কৈয়গ্রাম এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে নানা ধরনের দুর্ভোগের শিকার হয়ে আসছেন। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে।
এ সময় উপস্থিত পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চেয়ারম্যান শফিকুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকাবাসী চলমান উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান।
তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।









