পটিয়া ডাকবাংলো মোড়ে প্রতিদিনের যানজট, চরম দুর্ভোগে পৌরবাসী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল পটিয়া পৌরসভার ডাকবাংলো মোড়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ডাকবাংলো মোড়ে যত্রতত্র সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য যানবাহন দাঁড় করানো, যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে। বিশেষ করে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে।
ব্যবসায়ী নুরুল আলম সওদাগর জানান, সামান্য দূরত্ব অতিক্রম করতেও ২০ থেকে ৩০ মিনিট সময় লেগে যায়। এতে যেমন সময়ের অপচয় হচ্ছে, তেমনি বাড়ছে জনদুর্ভোগ।
অনেক সময় জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানজটে আটকে পড়ছে।
এর আগেও পটিয়া পৌরসদরের ডাকবাংলো মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে প্রশাসন, ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও যানজট কমানো সম্ভব হচ্ছে না।
পটিয়া ট্রাফিক পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জানান ডাক বাংলো এলাকাটি কয়েকটি সড়কের সাথে সংযোগ থাকায় এবং গাড়ী পার্কিংয়ের কারনে এ সমস্যা সৃষ্টি হচ্ছে, ইতিমধ্যে আমরা যানজট নিরসনে সড়কে নিয়ম অমান্যকারী গাড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।






