ন্যায়বিচার ও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় দুই তরুণ
ন্যায়বিচার, পরিচ্ছন্নতা, দেশপ্রেম ও সামাজিক সচেতনতার বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুই তরুণ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে এক হাজার চার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্যে আজ বুধবার (১ এপ্রিল) সকালে তারা এই পদযাত্রা শুরু করেন।
দেশের সর্বদক্ষিণ সীমান্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে বুধবার সকাল ৮টায়
দুই তরুণ তাদের এই দীর্ঘ যাত্রা শুরু করেন। আগামী ২৫ দিনে দেশের সর্বউত্তরের প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাদের।
এই দুঃসাহসী পদযাত্রায় অংশ নিয়েছেন ফেনী সদর দক্ষিণ উপজেলার ছনুয়া এলাকার মুসলিম আহমেদ সোহান (২২) এবং একই জেলার ছড়াদ কান্দি গ্রামের মোহাম্মদ আলী ফিরোজ (২৪)। সোহান ফেনী সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন এবং ফিরোজ ফেনী সরকারি কলেজের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পদযাত্রী দুই তরুণ জানান, এই যাত্রা কেবল কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন। তাদের এই উদ্যোগের পেছনে দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে। তা হচ্ছে- ‘হাদি ভাই’ হত্যার সুষ্ঠু বিচার দাবি এবং একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জনসচেতনতা তৈরি করা।
যাত্রার বিষয়ে তারা বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই মানুষের বিবেক জাগ্রত করতে এবং সমাজের বাস্তব চিত্র সবার সামনে তুলে ধরতে।”
টেকনাফের স্থানীয় বাসিন্দারা দুই তরুণের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শাহপরীর দ্বীপে যাত্রা শুরুর সময় উপস্থিত অনেকে তাদের এই সফরের সফলতা ও নিরাপত্তা কামনা করেন। উল্লেখ্য, এই দীর্ঘ যাত্রাপথে তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও স্থান অতিক্রম করবেন।







