নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

সাতকানিয়া উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে সাখাওয়াত হোসেন (২ বছর ২ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়া পাড়ায় মাওলানা আলী আহমদের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির হাট এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শুয়াইবের ছেলে। তাদের বাড়ি হাদুর পাড়ায়।
নিহতের দাদা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বেলাল জানান, প্রায় পাঁচ দিন আগে সাখাওয়াত তার মায়ের সঙ্গে সোনাকানিয়া ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে সে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে কয়েকদিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।






