নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন আতঙ্ক, সচেতনতামূলক বৈঠকে প্রশাসন

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে নিরাপত্তা বৃদ্ধিকল্পে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধর্মজ্যোতি বৌদ্ধবিহারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ওই এলাকায় তংচঙ্গ্যা সম্প্রদায়ের তিন সদস্য নিহত হন। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে বসবাসরত জনগণকে সচেতন ও আশ্বস্ত করার পাশাপাশি এলাকার নিরাপত্তা বৃদ্ধিকল্পে ঘুমধুম ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। এ সময় উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া মাইন বিস্ফোরণের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে নিরাপদে থেকে কৃষিকাজ করাসহ শূন্যরেখায় না যাওয়ার অনুরোধ জানান তিনি। এ ছাড়া নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয় এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আল মামুন, ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্রশাসক রিমন রুদ্র, সমাজসেবক হায়দার আলী কোম্পানি, সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া, বিজিবি প্রতিনিধি এবং এলাকার সাধারণ জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।









