নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ চালক আটক

নাইক্ষ্যংছড়ি বাস স্টেশন এলাকা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) সকালে রামুগামী একটি সিএনজি তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয়।
আটক চালকের নাম মো. জান্নাত উল্লাহ সাঈদ (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. হাসানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশন এলাকায় তল্লাশি জোরদার করে পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। চালক শুরুতে মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও, পরে সিএনজির চালকের আসনের নিচে বিশেষ ব্যবস্থায় লুকানো অবস্থায় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করেছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. একরাম উল্লাহ বলেন, “উপজেলায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক চালক এবং উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”









