নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় টমটম চালকের মৃত্যু
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুলাতলী-গর্জনিয়া বাজার সড়কের বড়ঘোনা টেক এলাকায় সিএনজি দুর্ঘটনায় নুরুল আমিন (৫৬) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন উপজেলার তুলাতলী গ্রামের মামা-ভাগিনা ঝিরি এলাকার কবির আহমদের ছেলে। তবে তিনি পার্শ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। পেশায় তিনি একই সড়কের একজন টমটম চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আমিন স্ত্রীকে সঙ্গে নিয়ে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স-এ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। সিএনজিতে ওঠার কিছুক্ষণ পর চালকের আচরণে যাত্রীদের সন্দেহ হয়। একপর্যায়ে সিএনজিটি বড়ঘোনা টেক পয়েন্টে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় সামনের সিটে বসা নুরুল আমিনের বুকে সিএনজির স্টিয়ারিংয়ের আঘাত লাগে। এতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গর্জনিয়া এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছালেহ আহমদ জানান, নিহত নুরুল আমিন তার ওয়ার্ডের বাসিন্দা। তিনি চার সন্তানের জনক। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনৈতিক নেতা অভিযোগ করেন, গর্জনিয়া বাজার-তুলাতলী সড়কে চলাচলকারী অনেক চালক মাদকাসক্ত। তাদের কেউ কেউ চোরাচালানেও গাড়ি ব্যবহার করেন। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।









