নাইক্ষ্যংছড়িতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৭৫ জনকে আর্থিক অনুদান দিলেন সাচিং প্রু জেরী

নাইক্ষ্যংছড়ি উপজেলায় বুধবার (১ জুলাই) দিনব্যাপী জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
বুধবার সকাল ১১টায় নাইক্ষ্যংছড়িতে পৌঁছেই তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে ৭৫ জন অসহায় ব্যক্তিকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান দেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১৭ বছরে মামলা-হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নির্বাচিত অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ নুরুল আলম কোম্পানি বলেন, “এই সহায়তা উপকারভোগীদের জরুরি প্রয়োজন পূরণে এবং তাঁদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”
এরপর পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের সভাপতিত্বে সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সরকারি সেবাকে আরও দ্রুত, স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে মাঠ প্রশাসন, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই এই মতবিনিময় সভার মূল লক্ষ্য।
স্থানীয়দের মতে, রাজনৈতিক নির্যাতনের শিকার মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের আর্থিক সহায়তা প্রদান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়মূলক আলোচনা—সব মিলিয়ে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীর দিনব্যাপী কর্মসূচি নাইক্ষ্যংছড়ির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









