নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা সভায় চোরাচালান দমনে তাগিদ ইউএনওর
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা সভায় চোরাচালান দমনে তাগিদ ইউএনওর

নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা সভায় চোরাচালান দমনে তাগিদ ইউএনওর
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং আসন্ন ঈদুল আজহার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ গ্রহণসহ বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন—নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, উপজেলা জামায়াতের আমির আবু নাসের, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উপদেষ্টা মাইনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক মানবজমিন), প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল (দৈনিক যুগান্তর) এবং নাইক্ষ্যংছড়ি থানার প্রতিনিধি মো. আব্বাসীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য, শিক্ষক ও কমিটির অন্য সদস্যরা।

সভায় বক্তারা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সীমান্তবর্তী এই উপজেলায় চোরাচালান সংক্রান্ত বিভিন্ন মামলার অগ্রগতি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

এ সময় থানার প্রতিনিধি পুলিশ কর্মকর্তা মো. আব্বাসী বলেন, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) ও (৩৪ বিজিবি) প্রতিনিধিরা বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সভায় সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান নাইক্ষ্যংছড়ির ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করেন। তিনি মাদক নির্মূল, অপরাধ প্রতিরোধ এবং যানজট নিরসনসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ইউএনও তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, গণমাধ্যম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সকলেই সমন্বয় করে কাজ করলে জনকল্যাণ নিশ্চিত করা সহজ হবে।

সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”