নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪ কিলোমিটার অভ্যন্তর থেকে এক লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার বিজিবির বিশেষ অভিযানে আসামিবিহীন ১,০০,০০০ (এক লাখ) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপির একটি টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
কক্সবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিক (পদাতিক) এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার (১৮ মে) রাতে রেজুপাড়া বিওপির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বরইতলী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১,০০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে।









