নাইক্ষ্যংছড়ি সীমান্তের পোয়াবন এলাকা থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ ৫ জুন শুক্রবার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপি কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী পোয়াবন এলাকা হতে মালিকবিহীন ১,০০,৮৪১ (এক লাখ আটশত একচল্লিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সকাল ৭টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-৪৬/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোয়াবন নামক স্থানে অভিযান পরিচালনা করে। ওই সময় চোরাকারবারিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ২টি ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ব্যাগের ভেতর থেকে ১০ (দশ) কাট (খয়েরি রঙের ৯৯,৭৮০ পিস এবং সবুজ রঙের ১,০৬১ পিস) = সর্বমোট ১,০০,৮৪১ (এক লাখ আটশত একচল্লিশ) পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। যার সিজার মূল্য ৩,০২,৫২,৩০০/- (তিন কোটি দুই লাখ বায়ান্ন হাজার তিনশত) টাকা।
নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির সাংবাদিকদের বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।”









