নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার ইয়াবা জব্দ করল বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ জানুয়ারি) রাতে ৩৪ বিজিবির অধীনস্থ মংজয়পাড়া বিওপির একটি বিশেষ টহল দল এই মাদক উদ্ধার করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে বিজিবির টহল জোরদারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৪১/২-এস হতে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে 'লেবুবাগান' নামক স্থানে বিজিবির টহল দল অবস্থান নেয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
সীমান্তরক্ষী বাহিনীর ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে আমাদের তৎপরতা ও টহল আরও জোরদার করা হয়েছে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।









