নাইক্ষ্যংছড়ি সীমান্তে এসএলআর ও গুলিসহ মিয়ানমারের নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে একটি এসএলআর রাইফেল ও ১০৮ রাউন্ড গুলিসহ মিয়ানমারের এক সশস্ত্র নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের ৪২ নম্বর সীমান্ত পিলারের কাছে হাতুরাণী টিলা এলাকায় অভিযান চালিয়ে খেং মং চো (২০) নামে ওই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি এসএলআর রাইফেল, ৩টি ম্যাগাজিন, ১০৮ রাউন্ড গুলি এবং ১টি জলপাই রঙের বান্ডুলি উদ্ধার করা হয়। আটক যুবক মিয়ানমারের মংডু জেলার বাসিন্দা এবং তিনি অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছিলেন।
নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকরাম উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।









